নির্বাচনকে সামনে রেখে ভারতের জম্মু-কাশ্মীরে সীমান্তজুড়ে আবারও শুরু হয়েছে জঙ্গি তৎপরতা। জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে সেনাদের যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত দুইজন সেনা এবং তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা।
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সমাবেশের আগে এ ঘটনা ঘটল।
গতকাল শুক্রবার গভীর রাতে সেনাদের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানা ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে কিশতোয়ারের জঙ্গল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। জঙ্গল ঘিরে তল্লাশির সময় সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে, সেই অতর্কিত হামলায় চার জওয়ান গুলিবিদ্ধ হন। দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকযুদ্ধে চার সেনা সদস্য আহত হন। তাদের মধ্যে দুজন, নায়েব সুবেদার বিপন কুমার এবং সিপাহী অরবিন্দ সিং পরে মারা যান। নিহতদের একজন গ্রেনেড বিস্ফোরণের কারণে স্প্লিন্টারের আঘাতে এবং মাথায় বুলেটের আঘাতে মারা গেছেন।
কিশতোয়ারের মতো সেনা অভিযান চালানো হয় বারামুল্লাতেও। জম্মু–কাশ্মীর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে সেনাবাহিনী বিপুল অস্ত্র উদ্ধারের তথ্য জানায়।
এদিকে দীর্ঘ ১০ বছর পর জম্মু–কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে। তিন পর্যায়ের এই নির্বাচনের শুরু ১৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী মোদি প্রথম জনসভা করবেন আজ, ডোডায় স্থানীয় এক স্টেডিয়ামে। তাঁর নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী একাধিক ব্যবস্থা নিয়েছে।
