আমি টেলর সুইফটকে ঘৃণা করি: ট্রাম্প

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ও কমলা হ্যারিসকে সমর্থন জানানোয় পপ তারকা টেলর সুইফটের প্রতি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল রবিবার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি টেলর সুইফটকে ঘৃণা করি!’

১০ সেপ্টেম্বর ট্রাম্প এবং কমলা হ্যারিসের প্রথম টেলিভিশন বিতর্ক শেষ হওয়ার পরপরই টেলর সুইফট খোলাখুলিভাবে কমলার প্রতি তার সমর্থনের কথা জানিয়ে দেন। সুইফট বলেন, তিনি কমলাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘কারণ তিনি (কমলা) অধিকারের জন্য লড়াই করেন এবং আমি বিশ্বাস করি তাদের চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন।’

ইনস্টাগ্রামে সুইফটের অনুসারী সংখ্যা ২৮ কোটি ৪০ লাখ। কমলাকে সমর্থন দিয়ে টেলর ইনস্টাগ্রামে যে পোস্ট দিয়েছেন তাতে ৯০ লাখের বেশি ‘লাইক’ পড়েছে। টেলরের সমর্থন ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর জয়ের সম্ভাবনাকে বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। টেলরের পোস্টে ‘লাইক’ এর যে সংখ্যা দেখা যাচ্ছে সেটা ওই ধারণার পালে জোর হাওয়া দিচ্ছে।

এদিকে, টেলরকে নিয়ে ট্রাম্পের পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্টের ঝড় বইছে। টেলরের সমর্থকরা এক্স এ পোস্ট করছেন, ‘আমি টেলর সুইফটকে ভালোবাসি’। ট্রাম্প যেমন তার পোস্ট ইংরেজি বড় হাতের অক্ষরে লিখেছেন। তেমনি তারাও একইভাবে লিখছেন।

এর আগে কমলাকে সমর্থন জানানোর পরপরই ইলন মাস্কের তোপের মুখে পড়েছিলেন টেলর সুইফট। এক্সের এক পোস্টে মাস্ক টেইলর সুইফটকে ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ বলে উল্লেখ করেন। পোস্টে ইলন মাস্ক বলেন, ‘ভালোই টেইলর … তুমি জিতেছ … আমি তোমাকে একটি সন্তান উপহার দেব এবং তোমার বিড়ালদের জীবন দিয়ে পাহারা দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত