পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ, পুলিশের গুলিতে চিকিৎসক নিহত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে ধর্ম অবমাননায় অভিযুক্ত এক চিকিৎসককে গুলি করে হত্যা করেছে পুলিশ।  তবে স্থানীয় পুলিশের দাবি, তারা তাকে চিনতেন না, তিনি ঘটনাচক্রে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শাহনাওয়াজ নিহত হওয়ার ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়েছে।

শুক্রবার বিবিসি জানিয়েছে, নিহত শাহনওয়াজ কানভার পাকিস্তানে গত এক সপ্তাহে ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের গুলি খাওয়া দ্বিতীয় ব্যক্তি। শাহনাওয়াজ কানভার মহানবী (সা.)-কে অবমাননা করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর বিষয় পোস্ট করেছেন বলে সম্প্রতি অভিযোগ ওঠে। এমন অবস্থায় গত মঙ্গলবার তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার মিরপুর খাস শহরের পুলিশ কর্মকর্তারা তল্লাশি চালানোর জন্য দুই মোটরসাইকেল আরোহীকে থামানোর চেষ্টা করেন। তবে পুলিশকে সহযোগিতা করার পরিবর্তে ওই দুই মোটরসাইকেল আরোহীর একজন গুলি ছুড়তে শুরু করেন। তখন দুই পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয় এবং কানভার নিহত হন।

সিন্ধু প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসোর দাবি, গোলাগুলির ঘটনার পরই তারা জানতে পেরেছেন যে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া ব্যক্তি চিকিৎসক কানভার। অপর মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছেন। খাস আসাদ চৌধুরী নামের আরেক পুলিশ কর্মকর্তা বলেন, কানভার দুর্ঘটনাক্রমে তার সঙ্গীর ভুল করে ছোড়া গুলিতেই নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত