বগুড়ার শেরপুরে এবার ৮৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এরইমধ্যে বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ।
তিনি আরও বলেন, এবার এই উপজেলায় পৌরসভাসহ দশটি ইউনিয়নে মোট ৮৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে পৌর এলাকায় রয়েছে ৩১টি মন্ডপ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য প্রশাসনসহ সব রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতা কামনা করেন পূজা উদযাপন পরিষদের এই নেতা।
এর আগে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক বর্ধিত সভায় উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমসহ উপস্থিত বিএনপি-জামায়াতের নেতারা পূজা মণ্ডপসহ সামগ্রিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য দাবি জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।
এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেন তারা উদযাপন করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে।
