ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, সেই ছেলে গ্রেপ্তার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ এএম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২০ হাজার টাকা দিতে অস্বীকার করায় মানসিক ভারসাম্যহীন ছেলে ফারুক মোল্লার (৩৫) গাছের গুড়ির আঘাতে হানিফা মোল্লা (৭২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক মোল্লাকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাজিরা ডুবিসায়বর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ফারুক মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় নিহত হানিফা মোল্লার স্ত্রী গোলাপ জান বিবি বাদী হয়ে ফারুক মোল্লাকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার কাজিরহাট ডুবিসায়বর এলাকার বাসিন্দা ফারুক মোল্লা (৩৫) বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা হানিফা মোল্লা (৭২) ও মা গোলাপ জান বিবির (৬৬) কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা হানিফা, মা গোলাপ জান বিবি ও বোন পারুলকে গাছের গুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আহতাবস্থায় হানিফা, গোলাপ জান ও পারুল আক্তারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক হানিফা মোল্লা ও গোলাপি বেগমের শারীরিক অবস্থা খারাপ দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হানিফা মোল্লার মৃত্যু হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, ওই ঘটনায় গোলাপ জান বিবি বাদী হয়ে অভিযুক্ত ছেলে ফারুক মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর ফারুক মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত