সাকিবে স্বস্তি আর সাকিবের অস্বস্তি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০ পিএম

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ভারতের মাটিতে সবচেয়ে বেশি খেলার অভিজ্ঞতা নিঃসন্দেহে সাকিব আল হাসানের। গত দেড় দশকে নিষিদ্ধ থাকা সময়টা বাদ দিলে প্রায় সব মৌসুমেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন। এছাড়াও ২০১৬ এবং ২০২৩ সালে দুটো আইসিসি আসরেও দলে ছিলেন। সারের হয়ে ৯ উইকেট নেয়ার পর যখন সাকিব চেন্নাইতে দলের সঙ্গে যোগ দিলেন, তখন স্বস্তি ফিরল দলে। কিন্তু ভারত সফরের প্রথম টেস্টে সাকিবের পারফরম্যান্স স্বস্তিদায়ক কিছু নয়; বরং ভুলে যাবার মতো। তাকে দেখা যাচ্ছে অস্বস্তি নিয়ে ক্রিকেট খেলতে।

প্রথম ইনিংসে বল করতে এসেছিলেন ৫৩তম ওভারে। ৮ ওভার বল করে ৫০ রান দিয়ে কোনো উইকেট নেই। দ্বিতীয় ইনিংসে করেছেন মোট ১৩ ওভার। ৭৯ রান দিয়েছেন এবং কোনো উইকেট নেই। টেস্টে ওভারপ্রতি গড়ে ৬ এর বেশি রান দিয়েছেন দুই ইনিংসেই। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩২ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে জুতায় বল লাগিয়ে ক্যাচ দিয়েছেন রবীন্দ্র জাদেজার বলে। দ্বিতীয় ইনিংসে ২৪ রান করে আউট হয়েছেন রবীচন্দ্রন অস্বিনের বলে, ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ দিয়ে। দুই ইনিংসের কোনোটিতেই তার ব্যাটিংয়ে ভরসার ছাপ দেখা যায়নি। মুখে রাবারের গোঁজ চেপে ধরে ব্যাট করেছেন, এটা নাকি তার দৃষ্টিশক্তি ঠিক রাখে! আঙ্গুলে ব্যথা, আড়ষ্ট কাঁধ, সব মিলিয়ে ঠিক শতভাগ সুস্থ মনে হচ্ছে না সাকিবকে। ব্যাটিংয়ে আড়ষ্ট, বোলিংয়ে খরুচে। এমন একজনকে অল-রাউন্ডার হিসেবে খেলিয়ে কি পাচ্ছে বাংলাদেশ?

সাকিবের চেয়ে ১ বছর বড় অশ্বিন। মূলত বোলার হিসেবেই তার পরিচিতি। তবে ক্রমশ নিজেকে অল-রাউন্ডারের পর্যায়ে তুলে এনেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। নিজের খেলাটা উপভোগ করে খেলছেন, নিজেকে কষ্ট দিয়ে নয়। কঠিন সব মুহূর্তে দলকে বিপর্যয়ের কবল থেকে বাঁচাচ্ছেন ব্যাট হাতে। বোলিং করতে এসে উইকেট তুলছেন নিয়মিত। ক্যারিয়ারের একটা সময়ে সাকিবও ছিলেন এমন ভরসার নাম। কিন্তু ক্রিকেটকে ক্রমেই গুরুত্বহীন করে জীবনে অর্থ, রাজনীতি, ব্যবসা, বিজ্ঞাপন এমন অনেক কিছুকেই প্রাধান্য দিয়েছেন। এখন রাজনীতির পালাবদলে সাকিব হত্যা মামলার আসামী, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচিত। স্পনসররাও হয়তো মুখ ফিরিয়ে নেবেন। এখন শুধু ক্রিকেটকেই আঁকড়ে ধরা সাকিবকে বোধহয় ছেড়েই গেছে সুসময়। ঝাপসা দৃষ্টি, ব্যথাযুক্ত আঙ্গুল, আড়ষ্ট কাঁধ; এসব নিয়ে সর্বোচ্চ পর্যায়ে টেস্ট খেলাটা তো একধরণের  প্রতারণাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত