যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে গোলাগুলিতে কমপক্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন বন্দুকধারী একদল লোককে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর বার্মিংহাম শহরের ফাইভ পয়েন্টস সাউথ এলাকায় এই গুলির ঘটনা ঘটে। খবর সিএনএন।
বার্মিংহামের পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড জানিয়েছেন, শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় কয়েকজন বন্দুকধারী একদল লোককে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গোলাগুলিতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাঁরা ঘটনাস্থলের পাশের রাস্তায় পড়েছিলেন। এছাড়া স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চতুর্থজন মারা যান।
ফিটজেরাল্ড বলেন, বার্মিংহাম হাসপাতালে আহতদের মধ্যে ১১ জনের চিকিৎসা চলছে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের শরীরেও আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঠিক কতজন বন্দুকধারী গুলি চালিয়েছিল এবং কেনো গুলি চালিয়েছে তা স্পষ্ট নয় বলেও জানিয়েছে তিনি।
পুলিশ কর্মকর্তা ফিটজেরাল্ড আরও জানান, তদন্ত শুরু হয়েছে। বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ফাইভ পয়েন্টস সাউথ মূলত একটি ব্যস্ত এলাকা যা বার্মিংহাম আলাবামা বিশ্ববিদ্যালয়ের কাছে রেস্তোরাঁ, নাইট ক্লাব, পাব এবং লাইভ মিউজিক ভেন্যুর জন্য পরিচিত। এলাকাটি স্থানীয় বাসিন্দাদের কাছে বিনোদনের জন্য জনপ্রিয় স্থান।
লেবাননের হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ৪০০ হামলা