তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ফের যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের সফরে সেখানে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান জো বাইডেন।
সেখানে জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশসংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা করেছেন মোদি। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নরেন্দ্র মোদি ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশসংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গত মাসে দুই নেতা তাদের ফোনালাপের সময় পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। মোদি বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের পরিস্থিতির বিষয়ও তুলেছিলেন।
এছাড়া ভারতীয় বার্তা সংস্থা এএনআই–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াড সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না।
জবাবে তিনি বলেন, ‘আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে। এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থসংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনায় এসেছে। বাংলাদেশ প্রসঙ্গও আলোচনায় উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।’
বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে। মোদি এবং জো বাইডেন কলকাতায় একটি নতুন সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট স্থাপনের বিষয়ে আলোচনা করেছেন।
হোয়াইট হাউসের বিবৃতি অনুসারে, এই প্ল্যান্টের উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা, পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ এবং সবুজ শক্তি প্রয়োগের জন্য উন্নত সেন্সিং, যোগাযোগ এবং পাওয়ার ইলেকট্রনিক্সের উপর ফোকাস করা।
বাইডেন ও তার স্ত্রীকে যে উপহার দিলেন মোদি