দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ রোগী ও মৃত্যুর আবার রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ৯২৬ রোগী ভর্তি হয়েছে। এই সংখ্যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি ভর্তি হয়েছিল গত বছরের ২৯ নভেম্বর, ৯৬৮ জন।
এ সময় গত তিন দিনের ব্যবধানে আবারও ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ছয়জন। এর আগে ১৮ সেপ্টেম্বর প্রথম বছরের সর্বোচ্চ ছয় মৃত্যুর রেকর্ড হয়। এর ঠিক তিন দিন পর আবার ছয়জন মারা গেল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৫১২ জনই রাজধানীসহ ঢাকা বিভাগে ভর্তি হয়েছে, যা দৈনিক মোট রোগীর ৫৫ শতাংশ। এর মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছে ৩১৬ জন, যা দিনের মোট রোগীর ৩৪ শতাংশ। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনে ১৭২ ও দক্ষিণ সিটিতে ১৪৪ জন ভর্তি হয়েছে।
এই দুই সিটির বাইরে ঢাকার অন্যান্য জেলায় ভর্তি হয়েছে ১৯৬ জন।
বাকি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছে ১৫১ জন, খুলনায় ১০১, বরিশালে ৬৫, রাজশাহীতে ৪৬, রংপুরে ৩৩ ও ময়মনসিংহে ১৮ জন।
নতুন রোগীদের মধ্যে ৬৫ শতাংশ বা ৫৯৯ জন পুরুষ ও ৩৫ শতাংশ বা ৩২৭ জন নারী।
নতুন যে ছয়জন ডেঙ্গুতে মারা গেছে, তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে দুজন করে চারজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে ভর্তি ছিলেন। তাদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।
গতকাল চলতি বছর ডেঙ্গু রোগী ২৪ হাজার ৩৪ জনে পৌঁছেছে। এর মধ্যে এ মাসের গত ২২ দিনে ভর্তি হয়েছে ১১ হাজার ১৯৩ জন। এই সংখ্যা গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ। গত আগস্টে রোগী ছিল ৬ হাজার ৫২১ জন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ১৩১ জনে। তাদের মধ্যে এ মাসের গত ২২ দিনেই মারা গেছে ৪৮ জন। মৃত্যুর এই সংখ্যা বছরের সর্বোচ্চ। এর আগে গত আগস্টে ২৭ জন, জানুয়ারিতে ১৪, মে ও জুলাইতে ১২ জন করে, জুনে ৮, মার্চে ৫, ফেব্রুয়ারিতে ৩ ও এপ্রিলে ২ জন মারা গেছে।
