প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনের আগে আর কোনো বিতর্কে অংশ নিতে চান না তিনি।
বিবিসির খবরে বলা হয়, গতকাল রবিবার কমলা তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে আগামী ২৩ অক্টোবরের বিতর্কের প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানান। ১০ সেপ্টেম্বর এবিসির আয়োজনে প্রথমবার নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছিলেন কমলা ও ট্রাম্প। সেই বিতর্কের পর সিএনএন থেকে ২৩ অক্টোবর আরেকটি টেলিভিশন বিতর্ক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।
নিউইয়র্ক সিটিতে রবিবার নির্বাচনী তহবিল সংগ্রহের সমাবেশে কমলা বলেন, ট্রাম্পের রাজি হওয়া উচিত। কারণ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নির্বাচনের দিনের আগে আমেরিকার জনগণ ও ভোটারদের সঙ্গে আরেকবার মুখোমুখি হওয়া আমাদের দায়িত্ব। আমাদের আরেকটি বিতর্ক করা উচিত। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী তা এড়িয়ে যাওয়ার কারণ খুঁজছেন।
কিন্তু এর আগের দিন শনিবার নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে এক সমাবেশে বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এর আগে সিএনএন-এ মুখোমুখি বিতর্কে তিনি জয় পেয়েছিলেন। আর এখন কয়েকটি রাজ্যে অগ্রিম ভোট শুরু হয়ে গেছে। তাই দ্বিতীয় বিতর্কের জন্য এখন আর সময় নেই। খুব দেরি হয়ে গেছে।
তবে যুক্তরাষ্ট্রে কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে, রবিবার কমলা সেটা স্বীকারও করে নিয়েছেন। তবে তিনি এও উল্লেখ করেছেন, হাড্ডাহাড্ডি এই নির্বাচনে ভোট গ্রহণের দিন আসতে এখনো এক মাসের বেশি সময় বাকি আছে।
কমলা এবং ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন গত ১০ সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত ওই বিতর্কে কমলা জিতেছেন বলে উল্লেখ করা হয়েছিল বিভিন্ন জরিপে। এর পরই কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দিশানায়েকে