মায়ামি ছাড়তে পারেন মেসি, ফিরবেন আর্জেন্টিনায়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম

লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি আছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে হয়তো আর এক মৌসুম খেলবেন তিনি। তারপর মেজর সকার লিগ ছাড়তে পারেন মেসি। কিন্তু প্রশ্ন উঠছে, ডেভিড বেকহ্যামের ক্লাব ছেড়ে কোথায় যোগ দেবেন তিনি?

২০২৩ সালে মায়ামিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাবটির সঙ্গে সেই সময় আড়াই বছরের চুক্তি করেছিলে তিনি। আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তি বাড়ানোর বিষয়ে এখনও ইন্টার মায়ামির সঙ্গে কথা বলেননি মেসি। তবে গুঞ্জন আছে, তিনি মায়ামি ছাড়তে পারেন এবং আর্জেন্টিনায় ফিরতে পারেন বলে দাবি করা হয়েছে সেই প্রতিবেদনে।

নিজের ফুটবল জীবন আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে শুরু করেছিলেন মেসি। সেখানেই প্রথম নজরে পড়েন তিনি। তারপর সেখান থেকে চলে যান বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে। ক্যারিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েলসে ফিরতে পারেন মেসি। সেখানে খেলে ক্যারিয়ার শেষ করতে পারেন তিনি। এমন ইচ্ছের কথা অতীতেও শোনা গিয়েছিল তার কণ্ঠে।

মেসির যুক্তরাষ্ট্র ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ২০২৬ সালে যুক্তরাষ্ট্রয় ফুটবল বিশ্বকাপ। তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অনেকের মত। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরে সেই ক্লাবকে ট্রফি দিয়েছেন। পাশাপাশি মেজর সকার লিগের দর্শকের সংখ্যাও বেড়েছে। বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পনসরদেরও লাভ বেড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি যুক্তরাষ্ট্র ছাড়লে সে দেশের ফুটবলের ক্ষতি হবে। তাই ডেভিড বেকহ্যামের ক্লাব মেসির সঙ্গে চুক্তি আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

মেসি যে আর্জেন্টিনায় ফিরতে চান তা ২০১৬ সালের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন। কিন্তু দেশের পরিস্থিতি তাকে সংশয়ে রেখেছিল। মেসি বলেছিলেন, ‘যদি আমাকে একদিন পরেই আর্জেন্টিনা যেতে হয়, আমি রাজি। নিউওয়েলসের হয়ে এখনও খেলতে চাই। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানদের ভবিষ্যৎ। ওরা যাতে শান্তিতে থাকতে পারে সেটাই আমি চাই। আমাদের দেশের অবস্থা এখনও খুব খারাপ। রাস্তায় বেরালে ছিনতাই হচ্ছে। কেউ কাউকে খুন করে দিচ্ছে। সেখানে আমার সন্তানদের নিয়ে যাওয়ার আগে আমাকে ভাবতে হবে।’

২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে সে দেশের পরিস্থিতি অবশ্য বেশ কিছুটা বদলেছে। ফুটবলের হাত ধরে দেশের মানুষের মধ্যে ঐক্য এসেছে। আর্জেন্টিনার আর্থিক পরিস্থিতি এখন আগের থেকে ভাল। তাই হয়তো সিদ্ধান্তও বদলেছেন মেসি। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে তিনি নিজে কিছু বলেননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত