ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে কানপুরে। ম্যাচটি শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। তারপর গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই দুই ম্যাচকে ঘিরে আগেই অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি সংগঠন হুমকি দিয়ে রেখেছিল। টেস্টের সময় যত ঘনিয়ে আসছে, ততই ঝামেলা বাড়ানোর চেষ্টা করছে সংগঠনটি। এবার গোয়ালিয়রে ম্যাচের দিন তারা ‘বন্ধ্’ ডাক দিয়েছে।
পরিস্থিতি সামলাতে কানপুরে এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতের পুলিশ। আর কানপুর টেস্ট ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। কানপুরে হিন্দু মহাসভার ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
কানপুর ও গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের বিরোধিতা করার কারণ এর আগেই জানিয়েছে হিন্দু মহাসভা। তারা এ দুটি ম্যাচ কানপুর ও গোয়ালিয়রে হতে দিতে চায় না।
হিন্দু মহাসভার এই দাবিতে সাড়া দেয়নি ভারত সরকার। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের প্রতিবাদে সোমবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে বিশেষ রীতি পালন করেছে হিন্দু মহাসভা। এই ঘটনায় সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে পুলিশ এ কারণেই এফআইআর দায়ের করেছে।
কানপুরের বাড়তি নিরাপত্তা নিয়ে এসিপি হরিশ্চন্দ্র বলেছেন, ‘আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছি। এর জন্য কোনো কিছুই বাদ রাখছি না। পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আত্মবিশ্বাসী।’
গোয়ালিয়রের বন্ধ্ নিয়ে হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধের ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই বন্ধের আওতামুক্ত।’
মায়ামি ছাড়তে পারেন মেসি, ফিরবেন আর্জেন্টিনায়
সময়ের সঙ্গে আচরণ বদলানোই কানপুরের উইকেটের চরিত্র
'বিশ্ব'কে হারিয়ে দিল আলকারাজের 'ইউরোপ'