দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৫ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৮০১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৭০১ জনে। তাদের মধ্যে এ মাসেই ভর্তি হয়েছে ১২ হাজার ৮৬০ জন, যা মোট রোগীর অর্ধেক, অর্থাৎ ৫০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজন মারা গেছে। তাদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও একজন উত্তর সিটি করপোরেশন এলাকায় ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তাদের মধ্যে একজন ৩১-৩৫ বছর ও অন্যজন ৫৬-৬০ বছর বয়সী এবং একজন নারী ও তার বয়স ৪১-৪৫ বছরের মধ্যে।এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেলেন ১৩৬ জন। তাদের মধ্যে এ মাসেই মারা গেছেন ৫৩ জন, যা মোট মৃত্যুর ৩৯ শতাংশ। বছরের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে আগস্টে ২৭ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১৪ জন, মে ও জুলাইয়ে ১২ জন করে, জুনে আটজন, মার্চে পাঁচজন, ফেব্রুয়ারিতে তিনজন ও এপ্রিলে দুজন মারা গেছে।
