পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। মূলত লোকসানে থাকার কারণেই এটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
আগামী ১ অক্টোবর এক নিলামের মাধ্যমে এটি বিক্রি করা হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি বেসরকারি টেলিভিশন এআরওয়াই।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস বেসরকারি খাতে পরিচালনার জন্য নিলামের মাধ্যমে বিক্রি হবে এবং আগামী ১ অক্টোবর এই নিলাম অনুষ্ঠিত হবে।
জাতীয় পরিষদের সদস্য ফারুক সাত্তার বলেছেন, আগামী মাসের প্রথম দিন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) নিলাম হবে। নিলাম অনুষ্ঠানটি লাইভ দেখানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সংস্কারের শর্ত অনুযায়ী, লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনসের ৫১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার।
