সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সহকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা য়ায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী বেলাব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় মহিষাসুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রমিকদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
পরবর্তীতে নরসিংদীর সহকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানী শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সেই সাথে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভেকেট খন্দকার হালিম জানিয়েছেন, বয়স এবং শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তবে এ আদেশের বিরোধীতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।
