স্বাস্থ্য খাতের সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

দেশের স্বাস্থ্য খাতের সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, দেশের হাসপাতালগুলোতে রোগীর তুলনায় চিকিৎসক, নার্সসহ নানাবিধ সংকট চলছে। জনবলসহ ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন সংকটসহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা রয়েছে। তারপরও চিকিৎসকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হাসপাতালগুলোর নানাবিধ সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে। পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যাতে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা যায়। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা আকস্মিক সদর উপজেলার শিলমান্দী কমিউনিটি ক্লিনিক, নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।  এসময়  তিনি সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত