বার্সেলোনার নিয়মিত গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন চোট পেয়ে ছিটকে গেছেন। অন্তত ৫ মাসের আগে মাঠে ফেরা হচ্ছে না তার। ৩ গোলরক্ষকের মধ্যে তাই বাকি রয়েছেন আরও দুজন। কিন্তু বাকি থাকা মৌসুমের অন্তত আরও ৭০ ম্যাচ খেলতে হবে কাতালানদের। তাই আরও একজন গোলরক্ষক প্রয়োজন তাদের। আর তাই তারা দলে ভিড়িয়েছে পোল্যান্ডের সাবেক গোলরক্ষক ভোইচেখ শেজনিকে।
মজার বিষয় হচ্ছে গত বছর ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শেষেই জুনে অবসর নিয়েছিলেন তিনি। সব ধরণের ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি জুভেন্তাসের হয়ে খেলতেন।
শেজনির বার্সেলোনার যোগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সেখানে তিনি বলেছেন, ‘ভোইচেক শেজনি বার্সেলোনায় যাচ্ছেন, সেটা নিশ্চিত। পোলিশ এই গোলরক্ষককে ফ্রি এজেন্ট হিসেবে পাচ্ছে বার্সেলোনা। তাকে দলে ভেড়ানোর জন্য চুক্তিও সম্পন্ন হয়েছে। শেজনি অবসর ভেঙে বার্সেলোনার সঙ্গে এক বছরের চুক্তিতে সই করবেন। চুক্তির সময়টাতে তিনি চোটাক্রান্ত টের স্টেগেনের পরিবর্তে খেলবেন।’
শেজনির মেডিকেল পরীক্ষাও আগামী কয়েক দিনের মধ্যে স্পেনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এই ক্রীড়া সাংবাদিক।
স্প্যানিশ গণমাধ্যম ট্রাইবোনা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শেজনিকে বার্সেলোনা বাকি মৌসুমের জন্য প্রায় ৩ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে। নিয়ম অনুযায়ী চোটগ্রস্ত কোনো খেলোয়াড়ের পরিবর্তে কাউকে নিলে তাকে ঐ খেলোয়াড়ের ৮০ ভাগ বেতন দিতে হয়। সেটাই দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া কিছু বোনাসও অন্তর্ভুক্ত থাকতে পারে এই চুক্তিতে। যা শেষ হবে আগামী বছরের জুনে।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি শট আটকে দিয়েছিলেন শেজনি। এবার সেই মেসির স্মৃতিধন্য ক্লাবেই যোগ দিচ্ছেন তিনি। যেখানে আছেন তার জাতীয় দলের প্রাক্তন সতীর্থ রবার্ট লেওয়ানদফস্কি।
এবার ক্লাব ফুটবলকেও বিদায় বললেন ভারানে
আর এক ধাপ পেরুলেই হামজা হয়ে যাবেন বাংলাদেশের
সাকিবের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যা বললেন আইন উপদেষ্টা