লেভার সপ্তম গোলে বার্সার সাতে ৭

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ এএম

লা লিগায় বার্সেলোনার জয়রথ চলছেই। রবার্ট লেভানডফস্কির একমাত্র গোলে লা লিগায় বুধবার রাতে জিতেছে বার্সেলোনা। ২০১৭-১৮ মৌসুমের পর এই প্রথম লিগের প্রথম সাত ম‍্যাচেই জিতলো তারা।

পয়েন্ট টেবিলের ১৯ নম্বর দল গেতাফে, ম্যাচে ফেভারিট ছিল কাতালানরাই। শেষ সময়ে পেনাল্টি স্পটের কাছে বল পেয়েও ঠিক মতো শট নিতে পারেননি মায়োরাল। সেটি করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারতো।

ম্যাচের আট মিনিটে কার্লোস পেরেসের হেড ডাইভ দিয়ে গোললাইনের সামনে ঠেকিয়ে দেন বার্সা গোলকিপার ইনাকি পেনা। এরপর আর তেমন পরীক্ষায় পড়তে হয়নি তাকে।

১৯ মিনিটে কুন্দের ক্রস নিয়ন্ত্রণে নিতে পারেননি গেতাফে গোলকিপার সোরিয়া। বল পেয়ে যান লেভা। সহজেই বল জালে পাঠান অভিজ্ঞ এই পোলিশ স্ট্রাইকার। চলতি মৌসুমে লিগে এটি তার সপ্তম গোল। প্রথমার্ধে লেভানডফস্কি আরও একবার বল জালে পাঠালেও অফসাইডে গোল মেলেনি।

৫৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ইয়ামালের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান সোরিয়া। ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বুলেট গতির শট নেন ইয়ামাল। বল ক্রসবারে লাগে।

৭ ম‍্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত