ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশ থেকে শাহাদাত হোসেন নামে এক ওমান প্রবাসীকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের জাঙ্গলমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহাদাত হোসেন ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে রাধানগর ইউনিয়ন পরিষদে যান। এ সময় তার আগমনের খবরে সেখানে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী সমবেত হন। পরে সাড়ে ৫টার দিকে ছাগলনাইয়ার নিশ্চিন্তা গ্রামের ওমান প্রবাসী ও বিএনপির সমর্থক শাহাদাত হোসেন ওই সমাবেশে যান। হঠাৎ একদল যুবক তাকে টেনে-হেঁচড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, বিএনপি সমর্থিত ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর বিএ- এর নেতৃত্বে শাহাদাতকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে ছিলেন কামাল, সাইফুল সাবেক কমিশনার ফারুক, কফিল সরকার, মামুন সরকার এবং স্বেচ্ছাসেবক দলের ইমরানসহ বেশ কয়েকজন। তারা শাহাদাতকে তুলে সরকার বাড়ির সামনে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে দুই পা, হাত ও শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। একপর্যায় শাহাদাতকে রাস্তার পাশে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
আহত শাহাদাতের বাবা আবুল খায়ের বলেন, আমার ছেলে গত ১৫ বছর ধরে ওমান থাকেন। বন্যায় বাড়ি-ঘর ডুবে যাওয়ার খবরে কিছুদিন আগে ছেলে বাড়ি আসে। গত এক সপ্তাহ ধরে ব্যবসায়িক কাজে শাহাদাত ঢাকায় ছিল। বুধবার (২৫ সেপ্টেম্ব) ঢাকা থেকে ছাগলনাইয়া আসার কিছুক্ষণের মধ্যে এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাফুজুর রহমান জানান, ভুক্তভোগীর পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
