‘কোনো রাষ্ট্রে সংঘটিত গণ-অভ্যুত্থান হলো সেখানে বল প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি শাসনের পতন ঘটানো।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত গণ-অভ্যুত্থান, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন ও রাষ্ট্রের পুনর্গঠন শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিশিষ্ট কবি, রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চবির সমকাল অধ্যয়ন কেন্দ্রের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন বিশিষ্ট কবি, রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার এবং বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী।
আলোচনায় ফরহাদ মজহার বলেন, ‘একজন নাগরিক হিসেবে রাজনৈতিক ভিন্ন মতাদর্শ লালন করার অধিকার দিতে হবে। কথা বলার অধিকার দিতে হবে। এই কথা বলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ কিছু কুকুরকে যদি একটি বি¯ু‹ট ছুড়ে দেন, তখন তারা ভাগাভাগি করে খাবে না, কামড়াকামড়ি করে নিজেরটা নিজেই খাবে অন্য কাউকে দেবে না, একে অন্যের সঙ্গে কথা বলে সমাধান করতে পারবে না। কারণ তারা কথা বলতে পারে না। অন্যদিকে মানুষের মধ্যে যখন কিছু বিলি করে দেওয়া হয়, তখন তারা একে অন্যের সঙ্গে কথা ভাগাভাগি করে খেতে পারবে, কারণ তারা কথা বলতে পারে।’
