শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের ক্যারিয়ারে বসন্ত চলছে। ব্যাট হাতে ধারাবাহিকতার চুড়ান্তটাই দেখিয়ে যাচ্ছেন তিনি। টেস্ট অভিষেক থেকে টানা ৮ ম্যাচের প্রতিটিতে ন্যূনতম একটি ফিফটি করে গতকালই বিশ্ব রেকর্ড করেছেন। এবার সেই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে বসলেন স্যার ডন ব্র্যাডম্যানের পাশে।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান গল টেস্টের দ্বিতীয় দিনে ১৪৭ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন কামিন্দু। অভিষেকের পর ব্র্যাডম্যানের ৫ সেঞ্চুরি করতে লেগেছিল ১৩ ইনিংস, কামিন্দুরও লেগেছে সমান সংখ্যক ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলিরও প্রথম ৫ টেস্ট সেঞ্চুরি করতে ১৩ ইনিংস লেগেছিল। টেস্ট ইতিহাসের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পঞ্চম সেঞ্চুরির মালিক হয়েছেন কামিন্দু।
ইনিংসের হিসেবে টেস্ট অভিষেকের পর দ্রুততম ৫ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লুজ’ -এর অন্যতম স্যার এভারটন উইকসের। প্রয়াত এই মহাতারকা ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরি করেছিলেন ১০ ইনিংসে। দ্বিতীয় স্থানে যৌথভাবে আছেন ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও অস্ট্রেলিয়ার নিল হার্ভে। দুজনেরই প্রথম ৫ টেস্ট সেঞ্চুরি করতে লেগেছিল ১২ ইনিংস।
চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসে ১০২ এবং ১৬৪ রানের ইনিংস দিযে সেঞ্চুরি অভিযান শুরু করেন কামিন্দু মেন্ডিস। চট্টগ্রামে পরের টেস্টে সঙ্গীর অভাবে অপরাজিত ছিলেন ৯২ রানে। গত আগস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে করেন তৃতীয় সেঞ্চুরি। আর চলতি সিরিজের প্রথম টেস্টেই চতুর্থ সেঞ্চুরিটি করেন। সেটাই ছিল ঘরের মাঠে তার প্রথম সেঞ্চুরি।
সাকিব-তামিম দ্বন্দ্বে কার হলো জিত, কার হলো হার?
হারলেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে: তামিম
কানপুর টেস্টে বাংলাদেশি সমর্থককে মারধরের অভিযোগ