পাকিস্তানে অ্যালবাম কালচার নেই: গওহর মুমতাজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

জনপ্রিয় ব্যান্ডদল জলের ভোকালিস্ট ও অভিনেতা গওহর মুমতাজ বলেছেন, পাকিস্তানে এখন অ্যালবাম কালচার নেই। সবাই সিঙ্গেলস বের করে। আমরা সর্বশেষ ১২-১৩ বছরে ১৫টির বেশি সিঙ্গেলস প্রকাশ করেছি। এছাড়া নিয়মিত পাকিস্তানি সিরিয়ালের জন্য গান তৈরি করছি।  সম্প্রতি ঢাকায় কনসার্ট করতে এসে সংবাদ সম্মেলনে এ কথা বলেন গওহর।

তিনি বলেন, সম্প্রতি আমরা প্রথমবারের মতো সিনেমার জন্য পুরো অ্যালবাম করলাম। সেখানে আমি ছাড়াও রাহাত ফতেহ আলী খান, আইমা বেগের মতো শিল্পীরা গেয়েছেন।

এক যুগ পর ঢাকায় এসে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল। গওহর বলেন, এক যুগ পর ঢাকায় গাইতে এলাম। প্রথমবার যখন এসেছিলাম, আমার বার বার শুধু মনে হচ্ছিল, আমরা উদুর্তে গান করি। এখানে সবাই বাংলায় কথা বলে। আমাদের গান দর্শক কতটা বুঝবে! কিন্তু স্টেজে উঠে আমি প্রতিমুহূর্তে অবাক হয়েছি। আমাদের প্রতিটি গান তাদের মুখস্ত। অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলাম পাকিস্তানে।

গওহর জানান, ২৭ সেপ্টেম্বর জলের প্রথম অ্যালবাম ‘আদাত’ ২০ বছর পূর্ণ করছে। ‘লেজেন্ড অব দ্য ডেকেড’ কনসার্টে তা উদযাপন করার কথা ছিল। কিন্তু সেটিও হলো না। আসলে প্রাকৃতিক ঘটনায় আমাদের হাত নেই। টানা বৃষ্টির দিনে একটি উন্মুক্ত মঞ্চে কনসার্ট করা কারও জন্যই নিরাপদ নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত