টানা দুই ম্যাচ হারের পর দুই ম্যাচ জিতল ইংল্যান্ড

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ এএম

লর্ডসে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা। টস হেরে আগে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ড তুলেছিল ৫ উইকেটে ৩১২ রান। জবাবে মাত্র ১২৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

তিন ফিফটি ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেন ৬২ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া হ্যারি ব্রুক ১১ চার ও ১ ছক্কায় ৫৮ বলে ৮৭ রান করেন। লিয়াম লিভিংস্টন ছিলেন আরও মারমুখী। ৩ চার ও ৭ ছক্কায় মাত্র ২৭ বলে অপরাজিত ৬২ রান করেন তিনি।

লিভিংস্টন ২৫ বলে ফিফটি পূরণ করেন। যা লর্ডসে দ্রুততম ফিফটির রেকর্ড। তবে ম্যাচসেরা হয়েছেন ব্রুক।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৬৮ রান তোলেন মার্শ ও হেড। হেড ৩৪ রান করে ফিরলে জুটি ভাঙে। মার্শ করেন ২৮ রান। অজিদের তৃতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে (১৯)।

ম্যাথু পটস ৩৮ রানে নেন ৪ উইকেট। এটি পডসের ক্যারিয়ারসেরা বোলিং। এছাড়া ব্রেডন কার্স ৩৬ রানে নেন ৩ উইকেট। জোফরা আর্চার নেন ২টি উইকেট।

এদিকে পিঠের চোটে ভুগছেন ক্যামেরন গ্রিন। ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের বাকি অংশে এই পেস বোলিং অলরাউন্ডারকে পাবে না অস্ট্রেলিয়া। গ্রিনের ইংল্যান্ড সফর শেষ হয়ে যাওয়ার কথা ম্যাচের আগে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থে পৌঁছানোর পর তার চোটের অবস্থা মূল্যায়ন করা হবে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত