বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, গণমাধ্যমই খুঁজে খুঁজে প্রকৃত তথ্য তুলে ধরেছে বলে ছাত্র-জনতার আন্দোলন সফল হয়েছে। ভুল তথ্য সরবরাহ করে কোনো সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। তথ্যই হলো একটি পরাশক্তি। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যরা বলেন, বিগত দিনগুলোতে রাষ্ট্রীয়ভাবে তথ্য কুক্ষিগত রাখার একটি সংস্কৃতি চালু হয়েছিল। পরিবর্তীত পরিস্থিতিতে এই সংস্কৃতি থেকে রাষ্ট্র বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী। স্বল্প সময়ের মধ্যে তথ্যের আবেদনকারী যাতে দ্রুত তথ্য পেতে পারেন তার উদ্যোগ নেওয়া জরুরি। আমরা চাই তথ্য আরো উন্মুক্ত হোক।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্লোগান ছিল ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার’।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
