গুগলের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ট্রাম্পের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

গুগল তার নামে শুধুই খারাপ খারাপ খবর দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, তার খারাপ দিকটি সবসময় তুলে ধরে সার্চ ইঞ্জিন গুগল। তবে আর চুপ করে থাকতে নারাজ ট্রাম্প। এবার সরাসরি গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে ফিরে এলে কোম্পানিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। এদিন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে, ট্রাম্প অভিযোগ করেছেন যে গুগল শুধুমাত্র তার প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্পর্কে ভালো রিপোর্টগুলো হাইলাইট করে। তবে নিজের এই অভিযোগের কোনো প্রমাণ এখনো দেননি ট্রাম্প।

সম্প্রতি, গুগলে 'ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল রেস ২০২৪' সার্চ করার পর, তার ফলাফলে ট্রাম্পের বিরুদ্ধে বেশিরভাগ নেতিবাচক রিপোর্টই দেখা গিয়েছে বলে জানিয়েছিল একটি কনজারভেটিভ গ্রুপ। আর তার পরেই আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন ট্রাম্প। এই কনজারভেটিভ গ্রূপ মূলত মূল্যবোধ এবং ব্যক্তি স্বাধীনতার পক্ষে থাকে।

ট্রাম্প লিখেছেন, এটা একটা বেআইনি কার্যকলাপ। এবং আইন বিভাগ এমন বিশ্রীভাবে নির্বাচনে নাক গলানোর জন্য আশা করি ওদের (গুগল) ফৌজদারি বিচার করবে। তার দাবি, সেটা না হলে তিনি নির্বাচনে জিতে এসে সরকারিভাবে আইনি পদক্ষেপের ব্যাপারে উদ্যোগী হবেন।

এ প্রসঙ্গে গুগলের মতামত জানতে চেয়েছিল এএফপি। তারই প্রশ্নের উত্তরে গুগল বলেছে যে ক্যাম্পেইন ওয়েবসাইটগুলো প্রায়শই প্রাসঙ্গিক সার্চের শীর্ষে দেখানো হয়। গুগল এদিন নিশ্চিত করেছে, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি পক্ষপাতিত্ব করে না। তবে কোম্পানি এটা জানায়নি যে কিভাবে তার বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন পর্দার আড়ালে কাজ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত