লেবাননের রাজধানী বৈরুতে এবার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৈরুতের শহরতলীতে বিমান হামলায় হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার এক বিমান হামলায় হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের উপপ্রধান নাবিল কাউক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিগত কয়েক সপ্তাহে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। দলটির দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ শুক্রবার বৈরুতে নিহত হন।
এদিকে শনিবারও বৈরুতের ঘনবসতিপূর্ণ দক্ষিণ উপশহর দাহিয়েহতে হামলা চালায় ইসরায়েল, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিও রয়েছে। লেবাননে বিমান হামলার পাশাপাশি সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এ জন্য সীমান্তে সেনা সমাবেশও করেছে দেশটি। বিবিসি বলছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছে।
গত শুক্রবার থেকে ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লেবাননের হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হামলার পর থেকে বৈরুতের আশেপাশের বাসিন্দারা ওই এলাকায় রাস্তায় ও পার্কে ঘুমাচ্ছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) জানিয়েছে, লেবানন থেকে ৫০ হাজারের বেশি মানুষ ইসরায়েলি হামলার কারণে সিরিয়ায় আশ্রয় নিয়েছে।
গত বছরের ৮ অক্টোবর থেকে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই হামলা এবং পাল্টা হামলা হচ্ছে। এতে প্রায় ৭ লাখ মানুষ উত্তর ইসরায়েল থেকে বাস্তুচ্যুত হয়েছে।
কে এই ‘হিজবুল্লাহপ্রধান’ হাশেম সাফিউদ্দিন
বাংলাদেশের ক্লিন এয়ার প্রকল্পে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক