আজ বেলা পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ নামে ওই জাহাজে আগুন লাগার এ খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বেলা পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন 'বাংলার জ্যোতি' নামে ওই জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের পাঠানো এ সংক্রান্ত বার্তায় বলা হয়, খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে ঠিক কোন কারণে বিস্ফোরণের এই ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি।
পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন অয়েল জেটিতে ট্যাংকারটি নোঙর করে রাখা ছিল। ট্যাংকারটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়।
বন্দরের কর্মকর্তারা বলছেন, আগুন লাগার খবর পেয়ে তখনি বন্দর কর্তৃপক্ষের পাঁচটি ও নৌবাহিনীর একটি টাগবোট ঘটনাস্থলে যায়। আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, জাহাজটি ইস্টার্ন রিফাইনারি ঘাটে অপরিশোধিত জ্বালানি তেল খালাস করছিল। জাহাজটিতে ১০ হাজার টন অপরিশোধিত তেল ছিল।
