ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মোবারকগঞ্জ সুগার মিলের (মোচিক) অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির করার পরও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ এসে বৃদ্ধের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
