সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়টি যাচাই-বাছাই করে এ ব্যাপারে সুপারিশ করতে একটি কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

সিনিয়র সচিব জানান, এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা বলা হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে বলে জানান সিনিয়র সচিব।

এদিকে সোমবার চাকরির বয়স বাড়ানোর দাবিতে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল ৪টা পর্যন্ত কয়েক শ চাকরিপ্রত্যাশী যমুনার সামনের সড়কে অবস্থান নিয়ে আছেন। এতে রাজধানীর বেইলি রোড এলাকায় কাকরাইল-মৎস্যভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত