চট্টগ্রামের চন্দনাইশে ১৪ জন কৃষককে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। শারীরিক নির্যাতনের পর ৪ জন কৃষক থেকে মুক্তিপণও আদায় করে। কিন্তু দুর্গম পাহাড়ে গ্রামবাসীরা এগিয়ে এলে অপহৃত কৃষকদের রেখেই পালায় সন্ত্রাসীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কাঞ্চননগর ও খরনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতদের মধ্যে রয়েছেন কাঞ্চনাবাদ ইউনিয়নের বাচা মিয়া (৫৫), মো. আসিফ (২২), নবী হোসেন (৪৬), জামাল উদ্দিন (৫০), রংপুরের জাহাঙ্গীরসহ (৫২) মোট ১৪ জন।
কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল আলীম মেম্বার জানান, সোমবার সকালে কাঞ্চননগর ও পটিয়া খরনা পাহাড়ি এলাকার ফলের বাগান থেকে ১৪ জন কৃষককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে অপহৃতদের মোবাইল নম্বর থেকে তাদের পরিবারকে ৫০-৬০ হাজার টাকা জনপ্রতি মুক্তিপণ হিসেবে নিয়ে যেতে বলে। অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাদের।
পরে অপহৃত চারজনের পরিবার জনপ্রতি ২০ হাজার টাকা দিয়ে আসে সন্ত্রাসীদের। তবুও কৃষকদের ছেড়ে দেওয়া হয়নি। পরে গ্রামবাসীরা সম্মিলিতভাবে প্রতিরোধ করায় অপহৃতদের রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, আমাদের কেউ বিষয়টি জানায়নি। থানায় লিখিত অভিযোগও করেনি।
এর আগে গত ২০ সেপ্টেম্বর চন্দনাইশের কাঞ্চননগর এলাকা থেকে ৪ কৃষককে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। শারীরিক নির্যাতনের পর মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। নিয়মিত এমন অপহরণের ঘটনায় পাহাড়ের আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত, পুলিশসহ আহত ৩০