ফ্লাডলাইট নিভে যাওয়ায় সেঞ্চুরি হলো না পুরানের

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০১:২৬ পিএম

এই তো সেদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজনের বিপক্ষে সেঞ্চুরি করে ত্রিনবাগো নাইট রাইডার্সকে জেতালেন নিকোলাস পুরান। আরও একটি সেঞ্চুরি তিনি প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যাওয়ায় তাকে অপরাজিত থাকতে হলো ৯১ রানে।

প্রভিডেন্স স্টেডিয়ামে মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এলিমিনটর ম্যাচে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে দারুণ ব্যাট করছিলেন পুরান। ত্রিনবাগো ১৯.১ ওভারে ১৬৮ রান করার পরই প্রভিডেন্স স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। পুরান তখন ৬০ বলে ৬ চার ৫ ছক্কায় ৯১ রানে অপরাজিত।

এমতাবস্থায় খেলা প্রায় দুই ঘণ্টার মতো বন্ধ থাকে। ম্যাচ বাতিলের গুঞ্জনের মাঝে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায়। ডিএলএস পদ্ধতিতে বার্বাডোজের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬০ রান। ডেভিড মিলারের ১৭ বলে ৫০* রানের ঝড়ে ৯ উইকেটে জিতে যায় বার্বাডোজ। তারকাবহুল নাইট রাইডার্স ছিটকে যায় এলিমিনেটর থেকেই।

ম্যাচ বাতিল হলে পয়েন্ট তালিকায় ওপরে থাকায় কোয়ালিফায়ারে উঠে যেত ত্রিনবাগো নাইট রাইডার্স। দল বাদ পড়লেও ৫৬ গড় আর প্রায় ১৭০ স্ট্রাইক রেটে ৫০৪ রান করে এখনো টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক পুরান। চলতি বছর তিনি এখন পর্যন্ত ৬৮ ইনিংসে ৪৫ গড় আর ১৬০ স্ট্রাইকরেট ২ হাজার ২৫১ রান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত