দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ‍দুই বাসের ধাক্কা, চালক নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০১:৩৭ পিএম

ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে দুই বাসের ধাক্কায় এমদাত হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়ের সূর্যনগর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে। এসময় সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহত এমদাদ হোসেন বাগেরহাটের শরনখোলা উপজেলার বাসিন্দা।

শিবচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে সূর্যনগর যাত্রী ছাউনির সামনে কাভার্ডভ্যানটি রেখে দাঁড়িয়ে আরেক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন চালক এমদাদ হোসেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী 'নড়াইল এক্সপ্রেস' নামের একটি বাসা হঠাৎ করে কাভার্ডভ্যানটির পেছনে দাঁড়ায়। পরে পেছন থেকে আরেকটি বাস নড়াইল এক্সপ্রেস নামের বাসটিকে  ধাক্কা দিলে সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের চালক এমদাদ হোসেনের ওপরে উঠে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাস দুইটি দুমড়েমুচড়ে গেলে দুই বাসের ৮ জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিকুজ্জামান বলেন, কাভ্যার্ডভ্যানের চালক তার গাড়িটি রেখে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে দুইটি বাস একে অপরকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের চালক বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় দুই বাসের ৮ জন আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি হাসপাতালে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত