বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খিলগাঁও থানার একটি মামলায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারা হলেন— খিলগাঁও থানার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রানা ওরফে পিস্তল রানা ও ১ নং ওয়ার্ডের সাবেক শ্রমিক লীগ সভাপতি তাজুল ইসলাম। মঙ্গলবার (১ অক্টোবর) খিলগাঁও এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট খিলগাঁও থানার মালিবাগ কমিউনিটি সেন্টারের কাছে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাব্বির হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়। উপস্থিত লোকজন আহত সাব্বিরকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন সাব্বির। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাব্বিরের ওপর আক্রমণের সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
