দুই বাংলার কলাকুশলী নিয়ে বিগ বাজেটের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘তুফান’ নির্মাতা রায়হান রাফী। নতুন এই সিনেমার নাম ‘লায়ন’। ফুল ফ্লেজড অ্যাকশন ঘরানার এই সিনেমায় অভিনয় করবেন শরিফুল রাজ এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। তবে সিনেমাটিতে নায়িকা কে থাকছেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গেছে।
চমকপ্রদ খবর হলো, সিনেমাটি নির্মিত হবে তিন পর্বে, যার এক পর্ব মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে। ইতোমধ্যে সিনেমাটির গল্প থেকে প্রি-প্রোডাকশন সবকিছু চূড়ান্ত হয়েছে। এতে দুই বাংলার আরও অনেক শিল্পীই থাকবেন। তবে বাংলাদেশি শিল্পীই বেশি থাকবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে দেশেই শুরু হবে এর শুটিং।
দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে রায়হান রাফী বলেন, ‘‘তুফান’ সিনেমার পরই জিতদা'র সঙ্গে আলাপ হয়। উনার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি উনি ভীষণ সিনেমাপ্রেমী মানুষ। আমাদের চেষ্টা থাকবে এমন কিছু করার যেমনটা এর আগে কখনও হয়নি।’
তিন পর্বে নির্মিত হওয়া প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘‘লায়ন’ হবে একদম ফুল ফ্লেজড অ্যাকশন সিনেমা। ‘তুফান’-এ দর্শক যা দেখেছেন তার চেয়েও অনেক বেশি কিছু। এটি নির্মিত হবে তিন পর্বে। এটা আগেই বলে দিলাম। দেখুন, যখন কোনো সিনেমার সিক্যুয়েলের ঘোষণা আসে তার মানে এটা আগে থেকেই পরিকল্পিত। সর্বশেষ মুক্তি পাওয়া ‘তুফান’ এর ক্ষেত্রেও সেইম। এমন না যে, একটা শেষ করে শেষ দিকে গিয়ে বলে দিলাম যে, এটার সিক্যুয়েল আসবে। সিক্যুয়েলের পরিকল্পনা আগে থেকেই করা। তেমনি ‘লায়ন’ এর ক্ষেত্রেও। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’
যোগ করে তিনি আরও বলেন, ‘এখানে নায়ক কে বা ভিলেন কে সেরকম কিছু দর্শক আন্দাজ করতে পারবে না। মনে হতে পারে দুজনই নায়ক আবার দুজনেই ভিলেন! আমরা বলিউডের ‘ওয়ার’ দেখেছি, যেখানে হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ একসঙ্গে কাজ করেছেন। এটাও অনেকটা তেমনই বলতে পারেন। এখানে অনেক কিছুর সম্মিলন ঘটবে। এমন অনেক কিছুই পাবে দর্শক যা আগে তারা দেখেনি।’
নায়িকা প্রসঙ্গে রাফী বললেন, এতে দুইজন নায়িকা থাকবেন এবং দুজনেই বাংলাদেশি। এছাড়াও গুরুত্বপূর্ণ অনেকগুলো চরিত্র থাকবে, সেগুলোতেও দেশী শিল্পীরাই থাকবেন।
এদিকে রায়হান রাফীর সঙ্গে কাজ করা নিয়েও উচ্ছ্বসিত জিৎ। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘রাফীর ‘তুফান’ দেখেছি, বেশ ভালো লেগেছে। ওর পরিচালনার স্টাইল বেশ পছন্দ হয়েছে আমার। গল্প শুনেই একবাক্যে রাজি হয়ে গেছি। দর্শকের বিনোদনের অভাব হবে না।’
সিনেমাটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। কলকাতার শ্যাডো ফিল্মসের সঙ্গে এটি প্রযোজনা করবে বাংলাদেশি দুই প্রযোজনা সংস্থা। জানা গেছে, সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হবে দেশে। বঙ্গোপসাগর এরিয়াতে বেশির ভাগ অংশের কাজ হবে। আর বাকি অংশের কাজ হবে দেশের বাইরে।
জেমসের নগরবাউল জেমস হয়ে ওঠার গল্প
ঢাকায় আসছে রোমানিয়ার পপ গানের দল ‘একসেন্ট’