মুন্সীগঞ্জ সদরে কোটা আন্দোলনে নিহত রিয়াজুল ফরাজী হত্যা মামলায় আওয়ামী লীগের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—তোতা মিয়া বেপারী (৫২), আব্দুল মান্নান (৪২), নূরে আলম (৩৫), মিঠুন মোল্লা (৩৫) ও হারেছ মোস্তফা (৫৬)।
গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘মুন্সীগঞ্জ সদর থানায় করা একটি মামলায় তাদের আটক করা হয়েছে। সেখানকার থানা পুলিশ তদন্তে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় বিষয়টি আমাদের জানায়। পরবর্তীতে বুধবার রাতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।’
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ সদরে নিহত হয় তিন আন্দোলনকারী। তাদের মধ্যে একজন স্থানীয় একটি কারখানার শ্রমিক রিয়াজুল ফরাজী (৩৮)। রিয়াজুল নিহত হওয়ার ঘটনায় গত ১৯ আগস্ট রাতে তার স্ত্রী রুমা বেগম বাদী হয় সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ২০৮ জনকে আসামি করা হয়েছে।
