আবু সাঈদ হত্যা: ১৪ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১৪ জন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ৩০ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর জেলা পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন।

গতকাল বুধবার (২ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (তাজহাট) বিচারক মো. আসাদুজ্জামান তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। আজ বৃহস্পতিবার এ মামলার প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেন।

বিদেশ গমনে নিষেধাজ্ঞা পাওয়া আসামিরা হলেন রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, সহকারী কমিশনার আরিফুজ্জামান ও আল ইমরান হোসেন, বেরোবির গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মন্ডল, প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান, তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম, এসআই বিভূতিভূষণ, বেরোবি ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর ও দপ্তর সম্পাদক বাবুল হোসেন। 

অন্য তিন আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর মহানগর পুলিশের এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় গ্রেপ্তার হয়েছেন।

এ বিষয়ে মামলার আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, মামলাভুক্ত আসামিরা গ্রেপ্তার ও বিচার এড়াতে বিদেশে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কার কারণে আদালত আদেশ দিয়েছেন। এই মামলার ১৭ জন আসামিদের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছেন কিন্তু ১৪ জন আসামির কেউই এখন পর্যন্ত গ্রেপ্তার হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত