ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবাকে ৪ বছর নিষিদ্ধ করা হয়েছিল। এবার আপিল করে শাস্তি কমালেন ফরাসি তারকা। তাকে দেওয়া চার বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ১৮ মাস করেছে কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)।
বার্তা সংস্থা রয়টার্সকে সিএএস-এর মহাপরিচালক মাথিউ রিব এই তথ্য নিশ্চিত করেন। নিষেধাজ্ঞা কমায় আগামী বছরের মার্চে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন ৩১ বছর বয়সী পগবা। ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের সঙ্গে তার ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে।
গত বছরের অগাস্টে সেরি আয় উদিনেজের বিপক্ষে ম্যাচের পর দৈবচয়ন ভিত্তিতে পগবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের উপস্থিতি পাওয়ায় ওই বছরের সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরে এই বছরের ফেব্রুয়ারিতে তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেয় ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল, সেটা কার্যকর ধরা হয়েছে ওই সেপ্টেম্বর থেকেই। তখনই আপিল করার কথা জানিয়েছিলেন পগবা। অবশেষে আপিলে তার লাভই হলো।
