সাবেক সচিব মো. জাহাংগীর আলম কারাগারে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আব্দুল মোতালিব (১৪) নামের এক কিশোর নিহত হয়। এ ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ শনিবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) তাকে রাজধানীর গুলশান এলাকা  থেকে গ্রেপ্তারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আব্দুল মোতালিব (১৪) মারা যায়। তার বুকে ও গলায় গুলি লাগে। এ ঘটনায় ২৬ আগস্ট মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত