অ্যাঞ্জেলিনা জোলির শখের গাড়ি নিলামে 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম

নিজের সংগ্রহে থাকা ভিনটেজ ১৯৫৮ ফেরারি গাড়িটি নিলামে তুলতে যাচ্ছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। আগামী মাসে প্যারিসে হবে এই নিলাম।

মার্কিন সংবাদ মাধ্যম বলছে, নিলামের জন্য তিনি ক্রিস্টি’স অকশন হাউজকে বেছে নিয়েছেন জোলি। নিলাম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটিকে ‘এক্সেপশনাল সেল’ বলা হচ্ছে। গাড়িটি ১৪, ১৬ এবং ২০ নভেম্বর ক্রিস্টি’সের প্যারিস শো রুমে রাখা হবে সর্বসাধারণের দেখার জন্য। এরপরেই নিলামে উঠবে এই গাড়ি। আগামী ২০ নভেম্বর বসবে নিলামের আসর। 

১৯৫২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত গাড়িটি বাজারে পাওয়া যেত। সেই সময়ে এই গাড়িটিতে ছিল একাধিক আধুনিক সুবিধা। ১২-সিলিন্ডার, ২৪০-হর্স-পাওয়ারের ইঞ্জিনের ১৯৫৮ ফেরারি ২৫০ জিটি গাড়িটি বাংলাদেশের মুদ্রায় প্রায় ৮ কোটি থেকে সাড়ে দশ কোটি টাকায় বিক্রি হতে পারে। 

তবে অ্যাঞ্জেলিনা জোলি কেন তার গাড়িটি নিলামে তুলতে যাচ্ছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অভিনেত্রীর ভক্তদের ধারণা ব্যক্তিজীবন নিয়ে হতাশ হয়েই হয়তো এমন করছেন অভিনেত্রী।  

অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট গত কয়েক বছর ধরে আইনি লড়াই লড়ছেন। ব্যক্তি জীবনে ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ নিয়ে দুজনের আইনি লড়াই জারি রয়েছে।

অবশেষে সব অভিযোগ তুলে নিয়ে নিজের কাজে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। পাশাপাশি ব্র্যাড পিটকেও লড়াই শেষ করার অনুরোধ করেছেন তিনি। হয়তো সবকিছু নতুন করে শুরু করতেই নিলামের সিদ্ধান্ত নিয়েছেন জোলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত