পোল্যান্ডের রাষ্ট্রদূত খোরশেদ আলমের নিয়োগ বাতিল

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলম খাস্তগীরের নিয়োগ বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার (৬ অক্টোবর) রাষ্ট্রদূত পদে নিয়োগটি বাতিলের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান। 

পেশাদার কূটনীতিক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর গত ২৫ সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের ১০ দিন পর তার সেই নিয়োগ বাতিল করল পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হলো।

খাস্তগীরের বিরুদ্ধে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মালয়েশিয়ায় আন্দোলনকারীদের বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়া ও মামলা দায়েরের অভিযোগ রয়েছে। 

খোরশেদ আলম খাস্তগীর ২০০১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ওমানে বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত