টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ক্রিস সিলভারউড শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান। পরে অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে দায়িত্ব নেন সনাৎ জয়াসুরিয়া। এবার তাকে স্থায়ী করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে এবার প্রধান কোচ হিসেবে পাচ্ছেন কুশল মেন্ডিসরা।
৫৫ বছর বয়সী জয়াসুরিয়াকে নিয়োগ দেওয়ার বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
সেখানে তারা বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ভালো পারফরম্যান্সকে বিবেচনায় নিয়েছে।’
৩ মাসে জয়াসুরিয়ার অধীনে তিনটি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। দেশের মাটিতে ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। এটা ছিল ভারতের বিপক্ষে ২৭ বছর পর শ্রীলঙ্কার প্রথম সিরিজ জয়। এরপর ইংল্যান্ড সফরে তিন টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচে হারলেও ওভালে শেষ টেস্টে বড় জয় পায় তারা। এটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে ১০ বছর পর শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে এটা ছিল ১৫ বছর পর শ্রীলঙ্কার প্রথম টেস্ট সিরিজ জয়।
এভাবে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পর জয়াসুরিয়াকেই প্রধান কোচ হিসেবে রেখে দেওয়ার কথা ভাবছিল লঙ্কান বোর্ড। আজ ২০২৬ সালের মার্চ পর্যন্ত সাবেক এই ক্রিকেটারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
ঘোষণা করা হলো বাফুফের নির্বাচনের তফসিল
চোটে নেই গনজালেস-দিবালা, ডাক পেলেন হামজার সতীর্থ বুওনানোত্তে