বিশ্ব বসতি দিবস

তরুণ স্থপতিদের কথা শুনল সিডিএ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

এবারের বিশ্ব বসতি দিবসের স্লোগান ছিল ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। আর এই প্রতিপাদ্যকে সামনে রেখেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) তরুণ স্থপতিদের ভাবনা শুনলেন। তাদের গবেষণালব্ধ প্রকল্প পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপিত হলো এবং তা নিয়ে আলোচনা করলেন অভিজ্ঞরা। এভাবেই আগামীর স্থপতি ও পরিকল্পনাবিদরা বেড়ে উঠবে।

আজ সোমবার (৭ অক্টোবর) সিডিএর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। অনুষ্ঠানের আগে সিডিএ’র বোর্ড সদস্য, সিডিএ’র কর্মকর্তা ও কমীচারীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)  এর  ‘নগর ও অঞ্চল পরিকল্পনা, স্থাপত্য বিভাগ’ এর তিন জন তরুণ পেশাজীবী প্রবন্ধ উপস্থাপন করেন। বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী আকিবুর রহমান শিকদার, চুয়েটের স্থাপত্য বিভাগের মৌমিতা অধিকারী, এবং চুয়েটের নগর ও অঞ্চল বিভাগের অমৃতা দাশ তাদের নিজ নিজ প্রবন্ধ উপস্থাপন করেন। এদের কেউবা জলাবদ্ধতা নিয়ে, আবার কেউবা নগর নিয়ে তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেন, নবীনদের সাথে চউক এর অভিজ্ঞ পরিকল্পনাবিদ, স্থপতি ও প্রকৌশলীদের “নিউরাল কানেকশান” এর মাধ্যম্য আগামী দিনের উন্নয়নে নতুন উদ্ভাবনী ভাবনার প্রতিফলন ঘটাতে হবে। ত্রুটিপূর্ণ ও অসামাঞ্জস্য আবাসন প্রকল্প হতে সরে যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে নতুন উন্নয়ন প্রকল্প নিতে হবে। আর এতে জনগনের চাওয়া ও পাওয়াকে সম্পৃক্ত করতে হবে।

সিডিএর সিস্টেম এনালিস্ট মোস্তফা জামান ও ঊর্ধ্বতন স্থপতি গোলাম রাব্বানীর সঞ্চালনায় সিডিএর বোর্ড সদস্য প্রকৌশলী মানজারে খোরশেদ আলম, স্থপতি জেরিনা হোসেন, স্থপতি ফারুক আহমেদসহ সিডিএ’র ঊর্ধ্বতন প্রকৌশলী ও পরিকল্পনাবিদগণ বক্তব্য দেন।

উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে থাকে। দিবসটি উপলক্ষ্যে গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত