স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় খুব শিগগিরই বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে সেটি বাণিজ্য মন্ত্রণালয় ভেঙে দেবে।
মঙ্গলবার (৮ অক্টোবর) গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি শহরের কৃপাময়ী কালীমন্দির সর্বজনীন দুর্গামন্দিরে যান। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য আমাদের মেসেজ হচ্ছে, এবার আপানারা আনন্দের সঙ্গে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজায় সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মঙ্গলবার গাজীপুরে ব্যস্ত সময় পার করেন। তিনি সকালে প্রথমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেন। পরে তিনি বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), বীজ প্রত্যয়ন এজেন্সি (এসসিএ) পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকালে তিনি গাজীপুর শহরের কৃপাময়ী কালীমন্দির সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন। পরে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোন অসুবিধা হবে না। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবার বাড়তি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উদযাপনের জন্য ৫৩ বছরের মধ্যে এ বছর সর্বাধিক চার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
এদিকে ধান ও কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল ৭ কোটি। এখন জনসংখ্যা বেড়েছে কিন্তু আবাদযোগ্য ভূমি বাড়েনি। কৃষির উন্নতির জন্য কাজ করছে এই ইনস্টিটিউট। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বন্যা কবলিত কৃষকদের মাঝে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায় কোন সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হলে সেটি লিখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে। মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।
অক্টোবরেই চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন