লেবাননও গাজার মত ধ্বংসস্তূপ হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর

  • হিজবুল্লাহকে বিতাড়িত করতে লেবাননের জনগণকে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু
  • দক্ষিণ-পশ্চিম লেবাননের নতুন অঞ্চলে স্থল অভিযান প্রসারিত করেছে ইসরায়েল
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৩০ পিএম

লেবাননও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার মত ধ্বংসস্তূপে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া লেবাননের জনগণকে হিজবুল্লাহকে বিতাড়িত করতে আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ অক্টোবর) লেবাননের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। খবর বিবিসি।

লেবাননের জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেন, " একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হওয়া থেকে বাঁচানোর এবং গাজার মত ধ্বংস ও দুর্ভোগের দিকে যাওয়ার আগে আপনাদের কাছে লেবাননকে বাঁচানোর একটি সুযোগ আছে।“

লেবাননের জনগণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আমি আপনাকে বলছি, আপনার দেশকে হিজবুল্লাহ থেকে মুক্ত করুন যাতে এই যুদ্ধ শেষ হয়।"

ভাষণে হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে ইসরায়েল হত্যা করেছে বলে দাবি করেন নেতানিয়াহু। তার দাবি, হিজবুল্লাহ বহু বছর ধরে যেমন দুর্বল ছিল, এখন তার চেয়েও বেশি দুর্বল।

মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণটি এমন সময়ে দেয় হয় যখন ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ-পশ্চিম লেবাননের একটি নতুন অঞ্চলে আরও হাজার হাজার সৈন্য পাঠিয়ে স্থল অভিযান প্রসারিত করেছে।

এদিকে সোমবার বিমান হামলায় হিজবুল্লাহর ৫০ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৬ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। এছাড়া হিজবুল্লাহও টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের হাইফা বন্দরের দিকে রকেটের সিরিজ হামলা চালায়, এতে ১২ জন আহত হয়।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, তিন সপ্তাহের তীব্র ইসরায়েলি হামলা এবং স্থল অভিযানের ফলে দেশটিতে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আরও ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত