সব নায়িকারই গুঞ্জন ছড়ায়

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ এএম

কিছুদিন আগেই রায়হান রাফীর বিরুদ্ধে প্রার্থনা ফারদীন দীঘির পক্ষ থেকে উঠেছিল বডি শেমিংয়ের অভিযোগ। জানা গেল রাফীর পরিচালনায় নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। রাফীর সঙ্গে জটিলতার নিরসন ও সমসাময়িক বিষয় নিয়ে দীঘির সঙ্গে কথা বলেছেন মাহতাব হোসেন

রাফীর নতুন কাজে দীঘি

চরকির মিনিস্ট্রি অব লাভ-এর একটি প্রজেক্টে কাজ করার বিষয়ে রাফী ভাইয়ার সঙ্গে আমার আলাপ হয়েছে। এটা গত দুই তিন মাস আগে। পুরো পরিকল্পনাটা রাফী ভাইয়া আমার সঙ্গে শেয়ার করেছেন। জাহিদ হাসান ভাইয়াও থাকবেন। কিন্তু ওটা নিয়ে চূড়ান্তভাবে কোনো আলাপ হয়নি।

সম্পর্কের বরফ গলল

দুই-তিন মাস আগে রাফী ভাইয়া আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিলেন। তখন হাই হ্যালো কথা হয়েছিল। এরপর তিনি আমাকে ফোন দেন। তখন আমাদের ঝামেলার বিষয়গুলো নিয়ে আলাপ হয়। তিনি তখন নিজের অবস্থান পরিষ্কার করেন। আমিও নিজের অবস্থান পরিষ্কার করি। তিনি নিজেও বুঝেছেন তিনি যা বলেছিলেন। এরপর রাফী ভাইয়া বলেন, অনেক তো হলো এবার একটা কাজ শুরু করা যাক। এরপরই নতুন কাজের বিষয়ে আলোচনা হয়।

কাজের ফিরিস্তি

আমার হাতে এখন চারটা কাজ একদম ফুললি রেডি।  চরকির ওয়েব ফিল্ম ‘৩৬-২৪-৩৬।’ এটা সম্ভবত এ মাসেই রিলিজ হবে। দীপ্ত টিভির জন্য প্রস্তুত আছে ‘হাইড অন্ড সিক’ এ ছাড়া জংলি চলচ্চিত্র ও অ্যান্থলজি ফিল্ম জীবন জুয়া মুক্তির অপেক্ষায় আছে। জংলিতে সিয়ামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। আর জীবন জুয়া নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অসীম। এতে আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সুদীপ।  সেই সঙ্গে নতুন তিনটা ওয়েব ফিল্মে কাজ করার আলোচনা চলছে।

ইন্ডাস্ট্রিতে সংকট

দুই-তিন মাস ধরে ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে। চলচ্চিত্র, নাটক ওয়েব ফিল্ম কম হচ্ছে। এতে ক্ষতিটা আমাদের যেমন হচ্ছে সংস্কৃতিরও হচ্ছে। আমরা চাকরিজীবীর মতো। কাজ না হলে আমাদের আয় নেই। সাধারণ শিল্পী ও কলাকুশলীরাও কষ্টে থাকছেন। আর নতুন কিছু সৃষ্টি না হলে সংস্কৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় এখন সবার কাজ শুরু করা উচিত। প্রযোজকদের এগিয়ে আসা উচিত।

দীঘির প্রেমের গুঞ্জন

আসলে প্রেম করার সময় নেই আমার। যখনই ফ্রি থাকি তখনই কাজ নিয়ে চিন্তা করি। কোন কাজটা আগে করব, কোনটা পরে করব। কাজগুলো নিয়ে বিশ্লেষণ করি, চরিত্র নিয়ে বিশ্লেষণ করি। আর পড়াশোনার চাপ রয়েছে। তাই আমার আসলে প্রেম করার সুযোগটা নেই। আর সেটা তৈরিও করতে চাচ্ছি না, কারণ আমি কাজ নিয়ে নানা রকম পরিকল্পনা করছি। প্রেম যখন করব তখন মানুষ এমনিতেই বুঝবে।

গুঞ্জনের কারণ

গুঞ্জন আসলে একটা কাজেরই অংশ। আমাদের দেশের অনেক নায়িকাকে নিয়েই নানা সময়ই গুঞ্জন শোনা যায়। আমার ধারণা এটা একটা সাইকেল আকারে চলে। এতে ধারাবাহিকভাবে একজনের পর একজন নায়িকা আসে। তো আমার পালা যখন আসে, তখন আমার নামে গুঞ্জন ছড়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত