কুষ্টিয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন মাহমুদুর রহমান

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পিএম

কুষ্টিয়ায় ৬ বছর আগে অবরুদ্ধ করে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি নিজে কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে ওসি মাহফুজুল হক চৌধুরীর কাছে এজাহার জমা দেন। এ সময় সেখানে জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহসহ কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফসহ সাবেক দুই সংসদ সদস্য, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, কুষ্টিয়া পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল/সদর থানার ওসি জানান, মামলার বাদি মাহমুদুর রহমান ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানি মামলার বিবাদী হিসেবে কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে আসলে এজাহার নামীয়দের নির্দেশে বাদিকে দিনভর অবরুদ্ধ করে রেখে বেলা সাড়ে ৩টার দিকে আদালত চত্বরেই তার ওপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে। এরপর তাকে মারধর, ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে দেয়া এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলাটির তদন্তভার দেয়া হয়েছে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহেরকে। তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্তসহ সকল আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত