টেনিস খেলে ৬,৭২০ কোটি টাকা আয় নাদালের

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পিএম

রাফায়েল নাদাল কেবল কোর্টেই নয়, অর্থনৈতিকভাবেও এক অসামান্য সাম্রাজ্য গড়ে তুলেছেন। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হিসেবে তিনি মোট ২০৯ সপ্তাহ রাজত্ব করেছেন, যার মধ্যে পাঁচবার বছরের শেষেও শীর্ষস্থানে ছিলেন। তার অসাধারণ ক্যারিয়ার তাকে শুধু ট্রফি এবং খ্যাতি নয়, বিশাল পরিমাণ অর্থ পুরস্কারও এনে দিয়েছে।

নাদালের ক্যারিয়ার পুরস্কারের অর্থ ১৩. ৫০ কোটি ডলার, যা টাকার অঙ্কে ১৬২০ কোটি। নাদালের আয় পুরস্কার থেকে নোভাক জকোভিচের (১৮.৪৫ কোটি ডলার) পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং সুইস কিংবদন্তি রজার ফেদেরারের (১৩.০৬ কোটি ডলার) চেয়ে সামান্য এগিয়ে।
কিন্তু শুধু কোর্টেই নয়, কোর্টের বাইরেও নাদালের আর্থিক সফলতা উল্লেখযোগ্য। স্প্যানিশ তারকা প্রায় ৪২.৫০ কোটি ডলার আয় করেছেন বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে। সব মিলিয়ে তার ক্যারিয়ার আয় ৫৬ কোটি ডলার, টাকায় যা ৬৭২০ কোটি। 

নাইকি ছিল নাদালের প্রধান স্পন্সর, যারা তার পুরো ক্যারিয়ারে পাশে থেকেছে। বছরে শীর্ষ স্থানে থাকার পর তার বোনাসসহ আয় ১০ মিলিয়ন ডলাএর উপরে ছিল। তার অন্যান্য দীর্ঘমেয়াদী স্পন্সরের মধ্যে বাবোলাত, কিয়া, সান্তান্দার, টেলিফোনিকা, ইনফোসিস, কান্তাব্রিয়া ল্যাবস ও রিচার্ড মিল উল্লেখযোগ্য। গত দশকের বেশিরভাগ সময়ে নাদাল প্রতি টুর্নামেন্টে সাত-ফিগারের উপস্থিতির ফি পেতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত