পঞ্চগড়ে বছরের পর বছর বন্ধ চালকল থেকে চাল সংগ্রহ করে আসছে খাদ্য গুদাম। নিয়ম নীতির তোয়াক্কা না করে খাদ্য বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে কমিশনের ভিত্তিতে একটি চক্র দীর্ঘদিন ধরে এই কারসাজি করে আসছেন বলে অভিযোগ উঠেছে খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে।
সদর উপজেলা খাদ্যগুদাম কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ বোরো মৌসুমে ৩ হাজার ৯৪০ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য বিভাগ। ৪৫ টাকা কেজি দরে ৭ মে চাল সংগ্রহ অভিযান শুরু হয়। সংগ্রহ অভিযান চলে ৩১ আগস্ট পর্যন্ত। এসব চাল সংগ্রহের বিপরীতে সদর উপজেলায় ৪৫টি হাসকিং মিল ও তিনটি অটোমিলের সাথে চুক্তি করে জেলা খাদ্য অধিদপ্তর।
শর্ত পূরণে অটোমিলগুলো চুক্তি সম্পাদন করতে সক্ষম হলেও শুধুমাত্র বিদ্যুৎ বিলের কাগজ ও বৈধ লাইসেন্সের মাধ্যমে বছরের পর বছর বন্ধ এসব মিল থেকে সরকারের খাদ্য গুদামে চাল সরবরাহ করে আসছেন মিলারেরা। অথচ সরকারি পরিপত্র অনুযায়ী চাল ক্রয়ের ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত চাল সংগ্রহের চুক্তির মডেল অনুসরণ করে চাল সংগ্রহ ও নিয়ন্ত্রণ আদেশ অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো সম্পূর্ণ উৎপাদনে নিয়োজিত (সচল) বৈধ চালকল লাইসেন্সধারী মিলারদের নিকট থেকে চুক্তি সম্পাদন করে চাল ক্রয় করতে হবে।
যে সকল মিলের বয়লার, চিমনি নেই সে সকল মিলের সাথে চুক্তি সম্পাদন করা যাবে না। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিলারদের আবেদনপত্রসহ চুক্তি সম্পাদনের প্রস্তাব যাচাই বাছাই শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করবেন। যাচাই বাছাই শেষে সকল প্রক্রিয়া সম্পন্নকারী বৈধ চাল কল মালিকরা সরকারের খাদ্যগুদামে চাল সরবরাহ করতে পারবেন।
সদ্য সমাপ্ত হওয়া বোরো চাল সংগ্রহ মৌসুমে বরাদ্ধ পাওয়া শহরের জালাসি এলাকায় অবস্থিত মেসার্স নুরুল ইসলাম হাসকিং মিল। এই মিলের নামে বরাদ্দ দেওয়া হয় প্রায় ২৩ টন চাল। কিন্তু মিলটি প্রায় ১০ বছর যাবত বন্ধ।
স্থানীয়রা জানান, এই মিলের মালিক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। মিলটি তার বাবার আমলে চালু ছিল। ধান ভাঙা হত। স্থানীয় অনেক গরীব মানুষ কাজ করতো। তার বাবা মারা যাওয়ার পর থেকেই মিলটি বন্ধ হয়ে যায়। বর্তমানে অন্যলোক ভাড়া নিয় তেজপাতা, ভুট্টা শুকায়। একই অবস্থা বরাদ্ধ পাওয়া মেসার্স এম.এইচ হা. মিলের। এই মিলের মালিক জেলা আওয়ামী লীগর অর্থ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন। এই মিলটিও প্রায় দীর্ঘদিন যাবত বন্ধ। তিনিও ক্ষমতার দাপটে বন্ধ মিল থেকে সরকারি গুদামে চাল সরবরাহ করে আসছেন। মিলটি ভাড়া নেওয়া আনোয়ার হোসেন নামে আর এক ব্যবসায়ীর সাথে কথা হয়। আনোয়ার হোসেন জানান, চার-পাঁচ বছর যাবত মিলটি ভাড়া নিয়ে তেজপাতা,ভুট্টা ও গুড়া শুকানোর কাজ করে আসছেন তিনি।
একই অবস্থা উপজেলার চাকলা হাট ইউনিয়নে অবস্থিত মেসার্স মাহফুজা হা. মিলের। এই মিলের মালিক সদর উপজলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা এবং চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম। তিনিও সুযোগের সৎব্যবহার করে বন্ধ মিল থেকে সরকারি গুদামে চাল সরবরাহ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, সদর উপজেলার প্রায় সবকটি মিলের একই অবস্থা। অটো মিল চালু হওয়ার পর থেকে এসব মিল বন্ধ হয়ে গেছে। সরকারি চাল সংগ্রহর সময় আসলে খাদ্য অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করেই বছরের পর বছর ধরে এভাবেই চলছে চাল সংগ্রহ অভিযান। পুরো জেলায় এমন অবস্থায় ধান চাল সংগ্রহ অভিযান চলছে।
সদর উপজেলার গুদাম কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, আমার দায়িত্ব শুধু চালের মান দেখে চাল ক্রয় করা। কোন কোন মিল চাল সরবরাহ করতে পারবে এই বিষয়টি নির্ধারণ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক।
পঞ্চগড় সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম চালকল বন্ধের বিষয়টি স্বীকার করে বলেন, সকল মিলের একই অবস্থা। সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের লাইসেন্সগুলো টিকানোর জন্যই মূলত আমরা বরাদ্দ নেই। পরবর্তীতে অটোমিলের সাথে সমন্বয় করে সরকারের গুদামে চাল সরবরাহ করে থাকি।
পঞ্চগড় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আহরণ ও ব্যয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মূলত লাইসেন্স ও বিদ্যুৎ বিলের কপি দেখেই এসব বরাদ্দ প্রদান করা হয়। পরিপত্র অনুযায়ী বন্ধ মিল থেকে চাল সংগ্রহ করা যাবে না এ বিষয়ে মুখ খুলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
পদাধিকার বলে ধান ও চাল ক্রয় কমিটির সভাপতির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, আমার জানা মতে মূলত অ্যাপস এর মাধ্যমে এসব চাল ক্রয় করা হয়ে থাকে। যদি নিয়মবর্হিভূতভাবে চাল ক্রয় ও সরবরাহ করা হয়ে থাকে সে ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ
আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
মালয়েশিয়ার ইমিগ্রেশনে আটকে দেয়ার বিষয়ে যা জানালেন আজহারী
ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া
শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত
কানাডায় মারা গেছেন নাট্যজন জামালউদ্দিন হোসেন
বিষের বোতল খাবার পানির ড্রামে, হাসপাতালে মাদ্রাসার ৮ শিক্ষার্থী
মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিতে নিহত ১