কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনের চোখে পানি, তবে তা আনন্দে আর ভালোবাসায়। অনুরাগীদের অগাধ ভালোবাসা মাঝে মাঝেই তাকে এমন পরিস্থিতিতে ফেলে দেয়। জন্মদিনের দিনও এমনই পরিস্থিতি তৈরি হল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে।
গতকাল ৮২ বছরে পা রাখলেন বিগ বি। তার প্রতিটি জন্মদিনই তার অনুরাগীদের কাছে স্পেশাল। এবারেও তার অন্যথা হল না। বিগ বি-র জন্মদিনে এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ টেলিকাস্ট করল একটি বিশেষ এপিসোড। এই শোতে অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কেবিসির মঞ্চে হাজির হন আমির খান।
এদিন আমির খান ও তার পুত্র জুনাইদ খান বিশেষ অতিথি ছিলেন কেবিসির মঞ্চে। তাদের এন্ট্রি থেকে গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থিত থাকা, সবটাই ছিল স্পেশাল। অনুষ্ঠানের শুরুতেই আমির খানের এন্ট্রি হয় ‘জুম্মা চুম্মা দে দে’ গানে নাচ দিয়ে। অমিতাভকে একরকম চমকে দেন তিনি। এর পর কেবিসির মঞ্চে হাজির দর্শকরাও বিগ বি-র জন্য সমস্বরে বার্থ ডে সং গেয়ে ওঠেন। এই মুহূর্তেই আর নিজেকে সামলাতে পারেননি বিগ-বি। এত ভালোবাসা পেয়ে স্বাভাবিকভাবেই চোখে জল চলে আসে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিশেষ এপিসোডের প্রোমো শো বেশ কিছু দিন ধরেই ভাইরাল নেট দুনিয়ায়। তার একটিতে দেখা গেছে, আমির দর্শকদের প্রশ্ন করছেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন কে সুপারস্টার ছিল?’ দর্শকরা সমস্বরে জবাব দেন অমিতাভ বচ্চন। এর পর আমির বলেন, ‘আমি যখন বুড়ো হলাম, তখন সুপারস্টার কে?’ তখনও দর্শকরা সমস্বরে জবাব দেন অমিতাভ বচ্চন!
প্রসঙ্গত, ১১ অক্টোবর ৮২ তম জন্মদিন পালন করেছেন বিগ বি। এই দিন তার মুম্বাইয়ের বাড়ি ‘জলসা’র সামনে স্বাভাবিকভাবেই ভিড় জমান তার অনুরাগীরা। অনুরাগীদের উদ্দেশ্যেও জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ ছাড়াও অমিতাভ বচ্চনকে সম্প্রতি দেখা গেছে রজনীকান্তের সিনেমা ‘ভেটাইয়ান’তে। ১০ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেয়েছে বিগ বি-র এই সিনেমা। প্রায় তিন দশক পর একসঙ্গে একই ছবিতে কাজ করেছেন এই দুই তারকা। অন্যদিকে ‘কাল্কি’তেও তার অভিনয়ে মুগ্ধ দর্শকরা। যা রীতিমতো বক্স অফিসেও সফল।
ক্ষমা চাইলেন হৃতিক