রিশাদের ওভারে ০, ৬, ৬, ৬, ৬, ৬

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পিএম

হায়দ্রাবাদে টস জিতে ব্যাট করতে নেমে ৯ ওভারেই ১২২ রান তুলে ফেলেছিল ভারত। নিজের প্রথম ওভারে ১৬ রান দেওয়া রিশাদ হোসেন আক্রমনে এসে প্রথম বলেই ডট। দ্বিতীয় বলটি রিশাদের মাথার ওপর দিয়ে ছক্কা হাকান সঞ্জু স্যামসন। পরের বলটা আবার লং অফ দিয়ে ছক্কা। রিশাদের এরপরও শিক্ষা হলো না, আবার একই জায়গায় বল। বলও উড়ে গেল প্রায় একই জায়গা দিয়ে। 

পরের বলটা ছিল হাফ বলি। আবার লং অন দিয়ে উড়ে গেল। ওভারের একদম শেষ বলটি ভালোই করেছিলেন, কিন্তু এবার একটু জায়গা করে নিয়ে স্যামসন বল পাঠালেন ডিপ মিড উইকেটে। টানা পাঁচ ছক্কায় ৩০ রান দিয়ে শেষ হলো রিশাদের ওভার।

আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদের আগেও ৩০ দিয়েছেন বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান নিজেই এমন উদারতা দেখিয়েছেন দুবার। ২০১৯ সালে জিম্বাবুয়ের রায়ান বার্ল সাকিবের এক ওভারে ৩ ছক্কা ও ৩ চারে ৩০ রান তুলেছিলেন। দুই বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয়ংকর এক কালো মাটির উইকেট বানিয়েছিল বাংলাদেশ। সে উইকেটে ১২০ রান তুলতেই ঘাম ঝড়েছিল দুই দলের। এর মধ্যেও এক ম্যাচে সাকিবের এক ওভারে পাঁচ ছক্কা মেরে ৩০ রান নিয়েছিলেন ড্যান ক্রিস্টিয়ান। সে ওভারই মাঝের ভাগ্য বদলে দিয়েছিল।

তবে বাংলাদেশের পক্ষে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড তিক্ত অভিজ্ঞতা রিশাদের নয়। দুর্ভাগা বোলারটি নাসুম আহমেদ। ২০২২ সালে হারারে রায়ার্ন বার্ল আরেক বাঁহাতি স্পিনারকে পেয়ে সাকিবের বিপক্ষে গড়া রেকর্ডটি নতুন করে লিখেছেন। সে ওভারের শুধু পঞ্চম বলটিতে চার মেরেছিলেন বার্ল, বাকি পাঁচ বলেই ছক্কা। ৩৪ রান দেওয়া সে 'রেকর্ড' অটুট রয়ে গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত